শিক্ষা কর্মকর্তার ভুলে...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সব সরকারি, রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ যেসব বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়নি সেসব বিদ্যালয়ের জন্যও তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তফসিল ঘোষণা করার কাজটি করেছেন। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপনে কমিটি গঠন, কমিটির গঠন-পদ্ধতি, পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, কমিটির মেয়াদকাল ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। কোথাও সব বিদ্যালয়ের পরিচালনা কমিটি একসঙ্গে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করার জন্য বলা হয়নি। একই সঙ্গে এ নীতিমালায় যেসব বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়নি, সেসব বিদ্যালয়ের পরিচালনা কমিটিও নতুন প্রজ্ঞাপনের আলোকে গঠন করতে হবে—এমন কথাও বলা হয়নি।অথচ গত ১৭ জানুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার ১৬২টি সরকারি, রেজিস্টার্ড ও কমিউনিটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি নতুনভাবে গঠনের জন্য তফসিল ঘোষণা করেছেন। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা গত বছরের ১০ আগস্টের প্রজ্ঞাপনবলে তিনি এ তফসিল দিয়েছেন বলে উল্লেখ করেছেন। কলাপাড়া পৌরসভাসহ নয়টি ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর নির্বাচন দুটি পর্বে অনুষ্ঠিত হবে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার তফসিল থেকে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার কিছুটা বোঝার ভুল। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমাকে জানাবেন বলেছেন।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী বলেন, ‘যেসব বিদ্যালয়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেখানে নতুন পরিপত্র অনুসরণ করে পরিচালনা কমিটি গঠন হবে। এর বাইরে কিছু করার কথা নয়।’