শিক্ষা কর্মকর্তার মেয়ে নম্বর কম পাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সমাপনী পরীক্ষায় খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারের মেয়ে নম্বর কম পাওয়ায় সোমবার সকালে দীঘিনালা উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়াসহ ২৫ শিক্ষককে ডেকে নিয়ে গালাগালি করেন।
নম্বরপত্র বাড়িয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিক্ষকদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দেন বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা অভিযোগ করেছেন। তবে জেলা শিক্ষা কর্মকর্তা অভিযোগটি অস্বীকার করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের খাগড়াছড়ির সদর উপজেলার প্রাথমিক সমাপনী পরীক্ষার উত্তরপত্র দীঘিনালায় নিরীক্ষণ করা হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারের মেয়েও সমাপনী পরীক্ষায় অংশ নেয়। কয়েক দিন আগে জেলা শিক্ষা কর্মকর্তা তাঁর মেয়ের উত্তরপত্রগুলোর নম্বরপত্র যাচাই করে দেখতে পান, মেয়ে বাংলায় ৬৭ নম্বর পেয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ১৫ ডিসেম্বর তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফোন করে নিরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ১৬ ডিসেম্বর ভোরে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষকেরা তাঁর কাছে গেলে গালাগালি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ পাটোয়ারী বলেন, ‘আমাদের তিনি বলেছেন তোমাদের মতো পণ্ডিতদের কাছে আমার মেয়েকে পড়াই না। এ সময় তিনি কৌশলে তাঁর মেয়ের নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিলে সবাই অপারগতা প্রকাশ করেন। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, সোমবার ভোরে শহীদ মিনারে ফুল দিয়েই সকাল সাতটায় জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করি। তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা প্রকাশ করার মতো নয়। তিনি অন্যায়ভাবে তাঁর মেয়ের উত্তরপত্র দেখেছেন। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়েছেন। আমি বলেছি, চাকরি চলে যাক, তবু অন্যায় আমি করতে পারব না।’
এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার মুঠোফোনে মেয়ের সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি অথরিটি হিসেবে ওদের বকাঝকা করেছি অন্য কারণে। সবকিছু আপনাকে মুঠোফোনে বলা যাবে না। আমার কার্যালয়ে আসেন, সব বুঝিয়ে বলব।’