শিক্ষা কার্যক্রম চালু নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে বন্ধ ঘোষণা করা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংগঠন দুটি সহাবস্থানের প্রতিশ্রুতি দিলেও অধ্যক্ষ পদত্যাগ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।অধ্যক্ষ মো. মাহবুবুল করিম দাবি করেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ খুলতে গেলে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত লাগবে। কিন্তু অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি চাওয়ায় এখন আর একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করতে পারছি না। কলেজ বন্ধ থাকলেও একাধিক বর্ষের শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।’কলেজ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই কলেজের ক্যান্টিনে ছাত্রদলের কলেজ শাখার কর্মিসভা চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন একাডেমিক কাউন্সিলের সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। একই সভায় আবাসিক হলগুলো খালি করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়। হল ত্যাগের নির্দেশে ক্ষুব্ধ হয়ে শিক্ষানবিশ চিকিৎসকেরা ২৫ জুলাই অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিনই অধ্যক্ষ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান। কিন্তু মন্ত্রণালয় তাঁর পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।বন্ধ ঘোষণার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা কলেজ খুলে দেওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, পদত্যাগের কথা বললেও অধ্যক্ষ তাঁর দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। অথচ কলেজ খুলে দেওয়ার ব্যাপারে তিনি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করছেন না।ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি এস এম রাসেল পারভেজ বলেন, কলেজ বন্ধ ঘোষণা করার মতো পরিস্থিতির সৃষ্টি না হলেও অধ্যক্ষ একাডেমিক কাউন্সিলের সভা ডেকে কলেজ বন্ধ ঘোষণা করে ৭৪৫ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। চার মাস পর ১৩৫ শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা। অথচ ক্লাস, টার্ম, মূল্যায়ন ও অন্যান্য পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ইতিমধ্যে ছাত্রলীগ-ছাত্রদল সহাবস্থানের অঙ্গীকারের কথা জানিয়েছে।ছাত্রদল কলেজ শাখার সভাপতি এম এম নাসিমুজ্জামান বলেন, কলেজ বন্ধ থাকায় শেষ বর্ষের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না। ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজ খুলে দেওয়ার জন্য ছাত্রদলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দু-এক দিনের মধ্যে আলোচনা করে কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।