শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে কাল রোববার থেকে আগামী দুদিন ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন শিক্ষকেরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ শনিবার জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়।

শিক্ষক সমিতি আজ সন্ধ্যা সাতটার দিকে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে রাত ১১টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তুনু সাংবাদিকদের বলেন, রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে তাঁরা বিরত থাকবেন। এই দুই দিন শিক্ষকেরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করবেন। উপাচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেবেন তাঁরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকেন শিক্ষকেরা।