নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ফার্মেসি বিভাগের শিক্ষকদের
পদোন্নতির প্রক্রিয়া ‘বিলম্বিত’ করার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষকেরা আজ সোমবার থেকে সব শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফার্মেসি বিভাগের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, বিভাগের দুজন সহযোগী অধ্যাপক পদোন্নতি পেয়ে অধ্যাপক ও দুজন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। নিয়ম অনুযায়ী বিভাগের পরিকল্পনা কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁরা ১৮ জানুয়ারি রেজিস্ট্রারের দপ্তরে পদোন্নতির আবেদন করেছেন।
শিক্ষকদের অভিযোগ, ফার্মেসি বিভাগের আবেদন জমা পড়ার এক দিন পর ১৯ জানুয়ারি অ্যাপ্লায়েড কেমেস্ট্রি বিভাগ থেকেও এক শিক্ষকের পদোন্নতির আবেদন জমা পড়ে। কর্তৃপক্ষ ফার্মেসি বিভাগের বিষয়ে পদোন্নতি বোর্ড বসানোর কোনো উদ্যোগ না নিয়ে পেছনের তারিখ (১২ জানুয়ারি) দেখিয়ে অ্যাপ্লায়েড কেমেস্ট্রি বিভাগের পদোন্নতি বোর্ড গঠন করে।
শিক্ষকেরা বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর ফার্মেসি বিভাগের সব শিক্ষক (১১ জন) গতকাল রোববার বিকেলে উপাচার্য এম অহিদুজ্জামানের সঙ্গে দেখা করতে তাঁর দপ্তরে যান। এ সময় উপাচার্য তাঁদের জানিয়ে দেন যে ফার্মেসি বিভাগে পদোন্নতি দেওয়া হবে না। এরপর বিভাগের শিক্ষকেরা জরুরি বৈঠকে বসে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
ফার্মেসি বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাঁদের পদোন্নতির আবেদন জমা পড়েছে, তাঁরা সবাই যোগ্য; কারও কারও অতিরিক্ত যোগ্যতাও আছে। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্য কালক্ষেপণ করায় একাডেমিক কমিটি বৈঠক করে সোমবার (আজ) থেকে শিক্ষা কার্যক্রমে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, চার শিক্ষকের পদোন্নতির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
জানতে চাইলে উপাচার্য এম অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। যাঁরা বোর্ডের সদস্য হবেন, তাঁদেরও সময় দিতে হবে। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জোর করে পদোন্নতি আদায় করার সুযোগ নেই।’