
ছাত্র খুনের ২৬ দিন পর চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার অনুষদ খোলার প্রথম দিনে বিভিন্ন বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। শিক্ষার্থীদের অনেকে বলেছেন, এখনো তাঁদের আতঙ্ক কাটেনি। তাঁরা নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরের ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তিরা প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান। ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ৪ এপ্রিল থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য পাঁচটি অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মুহাম্মদ মুয়াজ্জম হোসেন প্রথম আলোকে বলেন, অনুষদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে অনুষদের পাঁচটি বিভাগেই ক্লাস হয়েছে।
গতকাল দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় পুলিশের প্রহরার ব্যবস্থা করা রয়েছে। দোতলার প্রবেশমুখে দায়িত্বরত আনসার সদস্যদের পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ছাত্র খুনের পর ভাঙচুর হওয়া ভবনের বিভিন্ন অংশ সংস্কারে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। সংস্কারকাজের ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানান শিক্ষকেরা।
বন্ধুদের নিয়ে ভবনের চতুর্থ তলায় আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান ইসলাম। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ছাত্র খুনের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটি এখনো আছে।’ একই বিভাগের ছাত্র সৈয়দ সালাউদ্দিন বলেন, প্রায় এক মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।
ভবনের পঞ্চম তলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইরুজ ফারিহা ও নুসরাত জাহান বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে একজন ছাত্র খুন হলেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এতে তাঁর পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। সবচেয়ে বড় ক্ষতি হলো বিশ্ববিদ্যালয়ের।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।