শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার ২৫ বছর পূর্ণ করল খুলনা বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর মাত্র চারটি ডিসিপ্লিন (বিভাগ) নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে। বর্তমানে পাঁচটি স্কুলের (অনুষদ) ২৬টি ডিসিপ্লিন ও একটি ইনস্টিটিউট আছে এখানে। যার শিক্ষার্থীর সংখ্যা ছয় হাজারেরও বেশি।
শিক্ষা কার্যক্রমের রজতজয়ন্তী পালনের দিন আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপন-সংক্রান্ত আদেশ সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় কার্যক্রমের সূচনা হয় এবং ১৯৮৯ সালের ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে চারটি ডিসিপ্লিনে (আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রুরাল প্লানিং ও ব্যবসায় প্রশাসন) মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে ১৯৯১ সালের ২৫ নভেম্বর শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের রজতজয়ন্তী পালনের জন্য বছরব্যাপী আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার। সমাবর্তন অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়নের দিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।