শিক্ষা কার্যালয় থেকে বরখাস্ত কর্মচারীর লাশ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সাখাওয়াত হোসেন হাওলাদার নামের এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সাখাওয়াতের লাশ উদ্ধার করে।স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, সাখাওয়াত হোসেনের বাড়ি উপজেলার পঞ্চকরণ গ্রামে। চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তাঁকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া সত্ত্বেও কার্যালয়ে গিয়ে নিয়মিত কাজ করতেন সাখাওয়াত। তিনি সরকারি কর্মচারীদের কোয়ার্টারে সপরিবার বাস করতেন।মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে কর্মস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খোলা পান। ভেতরে ঢুকে তাঁরা সাখাওয়াতকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আনিছুর বলেন, সাখাওয়াত নকল (ডুপ্লিকেট) চাবি তৈরি করে তালা খুলে কার্যালয়ে ঢুকে আত্মহত্যা করতে পারেন।বরখাস্ত হওয়া কর্মচারী বন্ধ থাকা অফিসে ঢুকে কীভাবে আত্মহত্যা করলেন, সেই বিষয়ে জানতে চাইলে মো. আনিছুর রহমান বলেন, ‘সাখাওয়াত এখানে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে সবাই তাঁকে চেনে। আমি ১০ দিন আগে এখানে যোগ দিয়েছি।’মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, সাখাওয়াত আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।