শিক্ষা কার্যালয়ের প্রস্তাব ছাড়াই স্কুল জাতীয়করণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিবন্ধনহীন পন্ডিতপুর নিউ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টিকে যাচাই-বাছাই ও প্রস্তাব ছাড়াই জাতীয়করণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বিদ্যালয়টিকে অন্তভুর্ক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম।
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, ওই বিদ্যালয়টিকে জাতীয়করণ করার জন্য তিনি কোনো প্রস্তাব পাঠাননি। স্থানীয় গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জান বলেন, ৭ মে অনুষ্ঠিত উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এ প্রসঙ্গটি উত্থাপন করেন৷ তবে শিক্ষা বিভাগের কর্মকর্তারা এ ধরনের কোনো প্রজ্ঞাপন পাননি বলে তাঁকে জানিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার গাংগাইল ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে ২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি পাকা ভবন নির্মাণ করে। স্থাপনাটির পাশের বাড়ির বাসিন্দা মো. মর্তুজ আলী বলেন, ওই বছর তিনি এলজিইডির প্রধান কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী ছিলেন৷ সে সময় নিউ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রকল্প হাতে নেয় সরকার। তখন তাঁর বাবা ৩৩ শতক জমি বিদ্যালয়ের নামে লিখে দেন৷ ওই জমির ওপর ভবনটি নির্মাণ করা হয়। ২০০১ সালে সরকার পরিবর্তন ঘটলে ওই প্রকল্প বন্ধ হয়ে যায়। ভবনটিতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু না হওয়ায় এটি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে৷
এদিকে নান্দাইল উপজেলা পরিষদের ২০১৩ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত মাসিক সভার কার্যবিবরণী সংগ্রহ করে দেখা যায়, সৈয়দ আশরাফুজ্জান খালি পড়ে থাকা ওই ভবনে প্রাথমিক বিদ্যালয় চালু করার প্রস্তাব উত্থাপন করলে ওই সভা থেকে এর সম্ভাবতা যাচাইয়ের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়৷ কিন্তু পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে পরিত্যক্ত ভবনে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে—এমনটি দেখানোর জন্য একটি চক্র উঠেপড়ে লাগে৷ এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৩ সালের প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় অন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে পন্ডিতপুর নিউ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী দেখিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা হয়। এ নিয়ে ২০১৩ সালে ২২ নভেম্বর প্রথম আলোয় ‘ছোটদের সঙ্গে বড় জালিয়াতি’ শিরোনামে খবর প্রকাশিত হলে জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রকাশিত খবরের সূত্র ধরে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ২০১৩ সালের ৩০ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক গতকাল বৃহস্পতিবার বলেন, ওই প্রতিবেদন এখনো জমা পড়েনি। ওই তদন্ত কমিটির আহ্বায়ক নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূঁইয়া বলেন, তদন্ত কাজ শেষের পথে। কয়েক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
সম্প্রতি একাধিকবার ওই বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন শ্রেণীকক্ষে মাত্র দু-একজন শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। দুপুরে গেলে বলা হয়, সকালের পালায় শিক্ষার্থীর উপস্থিতি বেশি ছিল। সকালে গেলে বলা হয়, দুপুরের পালায় উপস্থিতি বেশি থাকে। জাতীয়করণের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আমিনুল হক বলেন, তিন মাস আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করার পর তা অনুমোদন হয়েছে। স্থানীয় শিক্ষা কার্যালয় যাচাই-বাছাই ছাড়া কীভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল—এ িবষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
শিক্ষা কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম বলেন, তিনি এ ধরনের কোনো প্রজ্ঞাপন পাননি। বিষয়টি শিক্ষা অফিস ভালো বলতে পারবে। ইমদাদুল হক বলেন, তিনি এ ধরনের কোনো প্রস্তাব পাঠাননি। ওই বিদ্যালয়ের জাতীয়করণের বিষয়েও তাঁর জানা নেই।