শিক্ষা কেমন যেন নিরানন্দ ব্যাপার হয়ে গেছে: শিক্ষামন্ত্রী
বিদ্যমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাটা কেমন যেন একটা নিরানন্দ ব্যাপার হয়ে গেছে। মনে হয়, শিক্ষা মানেই খুব কঠিন একটা ব্যাপার। তাঁরা এই শিক্ষাকে আনন্দময় করতে চান।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একাংশের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটির অভিষেক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনলাইনে অংশ নিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
জিপিএ-৫ নিয়ে উন্মাদনা হওয়ার কথা উল্লেখ করে দীপু মনি বলেন, এটি শিক্ষার্থীদের ওপর সামাজিক-পারিবারিক চাপ তৈরি করে। কাজেই মূল্যায়ন পদ্ধতি যেন এ ধরনের অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সেই বিষয়টিতে মনোযোগ দিতে চেষ্টা করছেন তাঁরা। একই সঙ্গে তাঁরা শিক্ষাকে আনন্দময় করতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর-এর সম্পাদক সাইফুল আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে কালের কণ্ঠ পত্রিকার শরিফুল আলম, ডেইলি সান-এর সোলায়মান সালমান ও বণিক বার্তার সাইফ সুজনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতারাও বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল-এর সাব্বির নেওয়াজ।