শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এক দপ্তরে ৩ বছরের বেশি নয়
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখন থেকে প্রেষণে একই দপ্তর বা সংস্থায় একনাগাড়ে তিন বছরের বেশি সময় থাকতে পারবেন না। শুধু তা-ই নয়, কোনো কর্মকর্তাকে একটি দপ্তর থেকে অন্য কোনো দপ্তর বা সংস্থায় বদলি করা যাবে না। মধ্যবর্তী সময়ে তাঁকে কলেজে ন্যূনতম দুই বছর চাকরি করতে হবে।
এমন বিধান যুক্ত করে আজ সোমবার বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়ন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনেক কর্মকর্তা আছেন, যাঁরা বছরের পর বছর চাকরি করছেন।
নীতিমালা অনুযায়ী একজন কর্মকর্তাকে সমগ্র চাকরিজীবনে অনধিক তিনবার, তবে ছয় বছরের বেশি সময় দপ্তর বা সংস্থায় কর্মরত থাকতে পারবেন না। অবশ্য জরুরি প্রয়োজনে সরকার কোনো কর্মকর্তাকে যেকোনো সময় যেকোনো দপ্তরে বদলি করতে পারবে।
দপ্তর ও সংস্থায় পদায়নের জন্য বছরের এপ্রিল ও অক্টোবরে আগ্রহী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের আবেদন করতে হবে। এরপর কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে পদায়ন করা হবে।