বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কম থাকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একে একটি বড় সমস্যা আখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ২ দশমিক ২ শতাংশ বরাদ্দ হয় শিক্ষা খাতে। এটা কমপক্ষে ৬ শতাংশ হওয়া
দরকার।
গতকাল রোববার রাজধানীতে ‘সবার জন্য শিক্ষা, গ্লোবাল মনিটরিং রিপোর্ট-২০১৩-১৪’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন৷ শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের উদ্যোগে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রগতি সত্ত্বেও সারা বিশ্বে ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়। কারণ, বিশ্বে এখনো পাঁচ কোটি ৭০ লাখ শিশু বিদ্যালয়ে যায় না। এ প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক তালাত মাহমুদ বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলেন, বিদ্যালয়ে না যাওয়া ও ঝরে পড়া মিলিয়ে এখনো বাংলাদেশে ৫০ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে।
গতকাল প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৬৫ কোটি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়সের শিশুর মধ্যে কমপক্ষে ২৫ কোটি শিশু মৌলিক পঠন ও গণনা শিখতে পারছে না। এদের মধ্যে ১২ কোটি শিশুর প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে কোনো অভিজ্ঞতাই হয়নি৷ অবশিষ্ট ১৩ কোটি টিকে থাকলেও শেখার ন্যূনতম মান অর্জন করতে পারে না। এ ধরনের শিশুরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা অর্জনে খুবই দুর্বল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে বিদ্যালয়ে যাওয়ার উপযোগী ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশু বিদ্যালয়ে নাম লেখাচ্ছে। এদের ধরে রাখা চ্যালেঞ্জ। তবে গুণগত শিক্ষা হলো মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষায় লৈঙ্গিক সমতা শতভাগ অর্জিত হয়েছে।
শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বাধার কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, ‘কোচিং বন্ধ করতে পারছি না। দেশে ৩২ হাজার কোটি টাকার কোচিং ব্যবসা। এটা বন্ধ করলে হয়তো আমাকে মেরে ফেলার জন্য ১০ কোটি টাকা খরচ করে ফেলতে পারে।’
শিক্ষাসচিব মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, ইউনেসকোর ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিচি ওয়াসু, সেভ দ্য চিলড্রেনের এ দেশীয় পরিচালক মাইকেল ম্যাকগ্রাথ, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন প্রমুখ।