শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি
বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট-বরাদ্দ কমছে। এর মধ্যে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ একেবারেই কম। শিক্ষা খাতের এই বরাদ্দ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট নয়। এ জন্য এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে।
আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ১৪ শতাংশ। এবার তা কমে হয়েছে ১০ শতাংশের কিছুটা বেশি। অথচ পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত ও পাকিস্তানে শিক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো চালু করার দাবি জানান মাকসুদ কামাল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, গতবার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছিল। এবার তা কমে ১ দশমিক ৮৪ শতাংশে নেমে এসেছে।
শিক্ষা খাতের বর্তমান বাজেট দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন মোহাম্মদ আবু ইউসুফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান, একই বিভাগের শিক্ষক তৈয়েবুর রহমান। বক্তারা শিক্ষা খাতে বিশেষ করে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে জন্য সরকারের প্রতি আহ্বান জানান।