শিক্ষা খাতে ভারতের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা কার্যক্রম ও হরিজন সম্প্রদায়ের আবাসন-সংকট নিরসনে ভারতের সহযোগিতা কামনা করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার চট্টগ্রামের আন্দরকিল্লার নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। ভারতও এ ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে মেয়র আ জ ম নাছির ভারতীয় সহকারী হাইকমিশনারকে জানান, নগরবাসীর কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স নেওয়া ছাড়াই সিটি করপোরেশন শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবা দিয়ে আসছে। এ দুটি খাতে বছরে প্রায় ৭০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। স্বাস্থ্যবান ও সুনাগরিক গড়ার লক্ষ্যে দুটি খাতে পর্যায়ক্রমে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, ভারত সিটি করপোরেশনের শিক্ষা খাত ও হরিজন সম্প্রদায়ের আবাসন-সংকট নিরসনে অনুদান দিতে আগ্রহী।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক ও গোলাম মোহাম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন।