স্বাধীনতার পর এ পর্যন্ত ৪৪ বার জাতীয় বাজেট ঘোষণা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা খাতে বরাদ্দ ১৫ শতাংশেও উন্নীত হয়নি। শিক্ষাই হলো রাষ্ট্রের সর্বোত্তম বিনিয়োগ খাত। অথচ এ খাত এখনো অবহেলিত। রাষ্ট্রের উন্নতির জন্য শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে।
জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সচিব তৈয়ব আলী, উদ্বোধক ছিলেন যুবসেনার নগর কমিটির সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম। বক্তব্য দেন গোলাম কিবরিয়া, জি এম শাহাদাত হোছাইন, নুরুল্লাহ রায়হান খান, সরওয়ার উদ্দীন চৌধুরী, দিদারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দেশের উন্নতির জন্য অনেক কথা বলেন। কিন্তু কাজে এসব কথার প্রতিফলন থাকে না। দেশের টেকসই উন্নতির জন্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোর বিকল্প নেই। বিশ্বের অনেক অনুন্নত রাষ্ট্রও শিক্ষা খাতে বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ রাখে।