শিক্ষা খাতে সাফল্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে বিগত কয়েক বছরে অর্জিত সাফল্য ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার নিজ কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে সব শিশুর উপস্থিতি নিশ্চিত এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নবিষয়ক গঠিত জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় আছে। এসব স্কুলের ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হয়েছে। পাশাপাশি প্রায় এক লাখ নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোর স্কুলে ছাত্র উপস্থিতি বৃদ্ধির জন্য বিশেষ নজর দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব স্কুল পর্যায়ক্রমে আবাসিক করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তিনি শিক্ষা কারিকুলামে আঞ্চলিক ভাষার বিষয় চালু করতে এবং শিক্ষার্থীদের মিড-ডে মিল অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি শিক্ষা খাতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে দেশের সাফল্য উল্লেখ করে এই অগ্রগতির ধারা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তাগিদও দেন।
বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারাও ছিলেন।