শিক্ষা খাতে ২০ ভাগ বরাদ্দ রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত শিক্ষাসংক্রান্ত এক সংলাপে প্রাথমিক শিক্ষা খাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেটের কমপক্ষে ২০ ভাগ বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ‘বাজেট বৃদ্ধি ও নীতিমালা প্রণয়ন’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূিচর (ইউএনডিপি) সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংলাপের আয়োজন করে।
জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা কমিটির আহ্বায়ক অং শৈ প্রু চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, ইউএনডিপির শিক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে মহিউদ্দিন, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা ও বেসরকারি সংস্থার কর্মকর্তা।
সংলাপের শুরুতে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মংসানু চৌধুরী।
পরে আলোচকেরা জেলায় যেসব এলাকায় প্রাথমিক শিক্ষায় সরকারি সুযোগ-সুবিধা অপর্যাপ্ত সেসব এলাকার মানচিত্র তৈরি, শিক্ষার উন্নতিতে পরিকল্পনা প্রণয়ন, শিক্ষা খাতের জন্য স্থানীয় সম্পদ থেকে কর আদায়ের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ঝরে পড়া রোধ এবং আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।