শিক্ষা দিবস আজ
আজ ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কয়েকটি শিক্ষক ও ছাত্রসংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর শিক্ষাভবনের সামনে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন, সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন।
বাংলাদেশ শিক্ষক সমিতি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং পরে শোভাযাত্রা করবে। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে। ছাত্র ইউনিয়ন দেশের বেদখল হওয়া বিদ্যালয়গুলো দখলমুক্ত করা ও শিক্ষা সংকোচনের প্রতিবাদে বেলা ১১টায় সারা দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীবন্ধন করবে। এ ছাড়া বিপ্লবী ছাত্র সংহতি, ছাত্র ফেডারেশন ও জাসদ ছাত্রলীগ পৃথক কর্মসূচি পালন করবে।
১৯৬২ সালের এদিনে তৎকালীন সরকারের ঘোষিত শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে কয়েকজন ছাত্র মারা যান। এর পর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হচ্ছে।