শিক্ষা দিবসে বৈষম্য ও বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষায় বৈষম্য নিরসন ও বাণিজ্যিকীকরণ বন্ধের দাবির মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হলো ঐতিহাসিক শিক্ষা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও ছাত্রসংগঠন পৃথক কর্মসূচি পালন করে এসব দাবি করেছে।
শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন গতকাল বিকেলে পুরানা পল্টনের মুক্তি ভবনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা হায়দার আকবর খান রনো ’৬২-এর শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বর্তমান সময়ের শিক্ষা ধ্বংসের যাবতীয় চক্রান্ত মোকাবিলায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
আরেক আলোচক এ এন রাশেদা বলেন, শিক্ষা সংকোচন-শিক্ষা বাণিজ্যের যে কর্মপরিকল্পনা আইয়ুব সরকার বাস্তবায়ন করতে চেয়েছিল, তারই ধারাবাহিকতা এখনো বহমান। নামে-বেনামে ফি বাড়ানো, শিক্ষার উপকরণের চড়া মূল্যসহ শিক্ষাবিরোধী নানা ষড়যন্ত্র চলমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিভাবক ঐক্য ফোরাম পৃথক এক আলোচনা সভা করে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানিয়েছে।