শিক্ষা দেওয়ার কথা বলে শপথ ভেঙেছেন প্রধানমন্ত্রী: বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলেছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এ কথা বলেন। গত ১৮ ফেব্রুয়ারি বিএনপির মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী বিরাগের বশবর্তী হয়ে প্রতিহিংসামূলকভাবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে বিএনপিকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সংবিধানে প্রদত্ত শপথ ভঙ্গ করেছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।”১৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের শিক্ষা দিতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলানো হয়েছে।ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন।