শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এক যুগেও প্রকল্প বুঝিয়ে দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। অথচ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গার্হস্থ্য অর্থনীতি কলেজ স্থাপন প্রকল্প এবং কলেজের মালিকানা দলিল বুঝিয়ে দেয়নি কর্তৃপক্ষকে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবন, যন্ত্রপাতির সংকট, বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রায় ২০ লাখ টাকার অপরিশোধিত বিল নিয়ে হিমশিম খাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
এসব বিষয়ে প্রতিকার চেয়ে কলেজের অধ্যক্ষ মো. জোনাব আলী সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তদন্ত প্রতিবেদন শিক্ষা সচিব এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জোন ১৯৯৫-১৯৯৬ অর্থবছরে ‘বিভাগীয় সদরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করে। ১৯৯৯-২০০০ সালে প্রকল্পের কাজ শেষ হয়। ১৯৯৮ সালে পাঁচ তলা প্রশাসনিক কাম একাডেমিক ভবন, তিন তলা হোস্টেল ভবন, দোতলা লাইব্রেরি ভবন, হোস্টেল সুপার ও অধ্যক্ষের বাসভবন, সাব স্টেশন ও পাম্প হাউস নির্মাণকাজ শেষ করে। এরপর প্রয়োজনীয় জনবল কাঠামো নিয়োগের পর ২০০২ সালে গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাঠদান কার্যক্রম শুরু হয়। ২০০৩ সালের ২০ ডিসেম্বর তৎকালীন বাণিজ্যমন্ত্রী এর উদ্বোধন করেন।
অধ্যক্ষের অভিযোগে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জোন ১৯৯৯-২০০০ অর্থবছরে কাজ শেষ না করে বিভিন্ন সেবা খাতের (গ্যাস, বিদ্যুৎ, পানি) প্রায় ২০ লাখ টাকার বিল বকেয়া রেখে চলে যায়। তারা এখনো পর্যন্ত কলেজের জমির মালিকানা দলিল এবং পুরো প্রকল্পটি বুঝিয়ে দিতে পারেনি। প্রজেক্ট প্রোফাইল অনুযায়ী আসবাব ও যন্ত্রপাতি বরাদ্দ করা হয়নি। নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ফাটল ধরেছে একাডেমিক ভবন ও ছাত্রী হোস্টেলে।
গত বছরের ৮ জুন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বরাবরে এসব অভিযোগ জানান কলেজের অধ্যক্ষ। এর পরিপ্রেক্ষিতে তিনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ফরিদ আহমদ ভুঁইয়াকে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দেন। চলতি বছরের ৬ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেন ফরিদ আহমদ ভুঁইয়া। এতে তিনি তাঁর মতামতে বলেন, ‘অভিযোগের বিষয়সমূহের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়/মহাপরিচালক, মাউশির প্রত্যক্ষ হস্তক্ষেপ প্রয়োজন।’
অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কলেজ ভবন তৈরিতে কোনো ধরনের আর্থিক অনিয়ম হয়নি। প্রকল্পের কাজ চলাকালে কোনো পানি, বিদ্যুৎ এবং গ্যাস ব্যবহূত হয়নি। কলেজ কর্তৃপক্ষের কাজেই ব্যয় হয়েছে বলে এগুলোর দায়ভার আমাদের ওপর বর্তায় না।’
প্রকল্প বুঝিয়ে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজ শেষ হওয়ার পর যেকোনো কারণে তখন কাগজে-কলমে তা বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। এখন বুঝিয়ে দিতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অধ্যক্ষ সাহেব তা বুঝে নিতে চাইছেন না।’
কলেজের অধ্যক্ষ মো. জোনাব আলী বলেন, ‘প্রজেক্ট প্রোফাইল অনুযায়ী ৭২ লাখ টাকার যন্ত্রপাতি ও আসবাব বরাদ্দের জায়গায় আনুমানিক মাত্র দুই লাখ টাকার জিনিস পেয়েছি। রেলওয়ে থেকে জমি কেনা বাবদ এক কোটি ৮০ লাখ টাকার মধ্যে শুধু এক কোটি টাকার কাগজপত্র পাওয়া যায়। এ ছাড়া মালিকানার কোনো দলিল পাওয়া যায়নি। এভাবে একটি অসম্পূর্ণ ভবন বুঝে নেওয়ার দায়ভার কীভাবে আমি নেব।’