শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জায়গা বরাদ্দ, ছাত্ররা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রাবাসের ২০ শতাংশ জায়গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয় স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে।

কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও নিউ হোস্টেলের (রবীন্দ্র ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস) তত্ত্বাবধায়ক মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৮৯৯ সালে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৩০ সালে নগরের দক্ষিণ চর্থা মৌজার টমছমব্রিজ এলাকার ৪ দশমিক ৫০ একর জায়গা নিয়ে উচ্চমাধ্যমিক শ্রেণির হিন্দু শিক্ষার্থীদের জন্য রবীন্দ্রনাথ ছাত্রাবাস ও মুসলিম শিক্ষার্থীদের জন্য সোহরাওয়ার্দী ছাত্রাবাস নির্মাণ করা হয়। পুকুরের উত্তর পাড়ে রবীন্দ্র ছাত্রাবাস এবং অন্য তিন পাড়ে সোহরাওয়ার্দী ছাত্রাবাস রয়েছে। কলেজের ২ হাজার ৪০০ জন শিক্ষার্থীর মধ্যে এ ছাত্রাবাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির মাত্র ১২৫ জন থাকে। অন্যরা বিভিন্ন মেসে ও বাসাবাড়িতে থাকে। ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় রবীন্দ্রনাথ ছাত্রাবাস বন্ধ রয়েছে। এই ছাত্রাবাসের উত্তর পাশের২০ শতক জায়গায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

কলেজের ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ছাত্রাবাসে থাকার সুযোগ নেই। তাই বিভিন্ন মেসে তারা থাকছে। কষ্ট করে পড়াশোনা চালিয়ে আসছে। তাদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা জরুরি। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ওই স্থান অন্যদের বরাদ্দ দিয়েছে। এটা চলতে পারে না।

দাউদকান্দির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্রাবাসে সিট (আসন) না পেয়ে নগরের দক্ষিণ চর্থা এলাকায় মেসে থাকছি। কলেজের জায়গা আছে, তবু ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে না।’

কলেজের একাদশ শ্রেণির ছাত্র হারুনুর রশীদ ও নাজমুল হাসান বলে, ‘ওই জায়গায় ছাত্রাবাস নির্মাণ করে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হোক। সেখানে অন্য কারও স্থাপনা হোক, আমরা তা চাই না। ওই বরাদ্দ বাতিল করতে হবে।’

নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরপর গত বছরের ২৮ মার্চ কলেজের ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়।

কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা ওই জায়গা বরাদ্দ দিয়েছিলাম। এতে জনপ্রতিনিধিদের সুপারিশও ছিল।’

নাম প্রকাশ না করার শর্তে কলেজের তিনজন শিক্ষক বলেন, এত দিন বিষয়টি ধামাচাপা ছিল। সম্প্রতি খবরটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। কলেজের জায়গা এভাবে বরাদ্দ দেওয়া হলে ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠানও দাবি করবে। তখন কাউকে না করা যাবে না। শিগগির এই প্রক্রিয়া বন্ধ করা হোক। কলেজের জায়গায় ছাত্রাবাস নির্মাণ করা হোক।

কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, ‘আমি গত বছরের ২৯ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েছি। এর আগেই ওই প্রক্রিয়া সম্পন্ন হয়। ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীরা এ ব্যাপারে আপত্তি জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ওই জায়গা বরাদ্দ পেয়েছি। সেখানে আটতলা ভবন হবে। এ জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’