শিক্ষা প্রশাসনে ঘুরেফিরে একই কর্মকর্তারা
• এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি নয়।
• শিক্ষা প্রশাসনে শতাধিক কর্মকর্তা বছরের পর বছর বিভিন্ন দপ্তর-সংস্থায়।
• কোচিংয়ে জড়িত ২৫ মাধ্যমিক শিক্ষককে বদলি।

সরকারি চাকুরেদের এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি রাখা যাবে না। কিন্তু শিক্ষা প্রশাসনে শতাধিক কর্মকর্তা বছরের পর বছর বিভিন্ন দপ্তর ও সংস্থায় চাকরি করছেন। শিক্ষার গুরুত্বপূর্ণ দপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা শিক্ষা বোর্ড এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেই (ডিআইএ) তিন বছরের বেশি সময় ধরে থাকা কর্মকর্তা অন্তত ৬১ জন। তাঁদের কেউ কেউ ৯ বছর থেকে ২০ বছর ধরে আছেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ (নায়েম) অন্য দপ্তরগুলোতেও এ রকম বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী আছেন, যাঁদের অধিকাংশই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। অন্যান্য পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীও আছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী বদলির সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে। দুদকের তালিকা অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।
নয় মাস আগে মন্ত্রণালয় নীতিমালা করে বলেছিল, শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা একই দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি সময় থাকতে পারবেন না। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের হাত ধরেই শিক্ষায় অনিয়ম ও দুর্নীতির ডালপালা বাড়ছে।
এরই মধ্যে দুদক কোচিং-বাণিজ্যে জড়িত থাকায় রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ৫২২ জন শিক্ষককে বদলির সুপারিশ করেছে। গত রোববার এমন ২৫ জন মাধ্যমিক শিক্ষককে প্রত্যন্ত এলাকায় বদলি করেছে মাউশি। তাঁদের মধ্যে ঢাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের আটজন শিক্ষক রয়েছেন। অভিভাবকেরা বলেছেন, এসব শিক্ষকদের স্থলে যেন ভালো মানের শিক্ষক দেওয়া হয়। তা না হলে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ঘুষের অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও উচ্চমান সহকারী নাসিরউদ্দিন গ্রেপ্তারের পর ‘ভাবমূর্তি রক্ষায়’ কিছু কর্মকর্তা ও শিক্ষককে বদলির সিদ্ধান্ত হয়েছে। মাউশিতে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের তালিকা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, মোট ১১৩ কর্মকর্তার মধ্যে অন্তত ৩৭ জন তিন বছরের বেশি সময় ধরে ঘুরেফিরে চাকরি করছেন। ওই কর্মকর্তার আশঙ্কা, বদলির শিকার হবেন শিক্ষকেরাই, দুর্নীতিবাজ ও প্রভাবশালী কর্মকর্তারা ঘুরেফিরে এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি হবেন।
একাধিক পদ ঘুরে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আছেন ২০০৯ সাল থেকে। পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক, উপসচিব, উপপরীক্ষা নিয়ন্ত্রকসহ আটজন ক্যাডার কর্মকর্তা দীর্ঘদিন ধরে আছেন।
ডিআইএতে তিন বছরের বেশি সময় থাকা কর্মকর্তাদের মধ্যে আটজন পরিদর্শক, চারজন সহকারী পরিদর্শক ও চারজন নিরীক্ষক। এই দপ্তরটি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য আলোচিত।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ক্ষেত্রে দীর্ঘদিন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কায়েমি স্বার্থের ভিত মজবুত হয়। তাই চাকরি বদলিযোগ্য হলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।