শিক্ষা বাণিজ্যের হাতিয়ার হলে জাতির ভবিষ্যৎ অন্ধকার: শ্রমমন্ত্রী
স্কুল করলে অনেক সুবিধা পাওয়া যায়, স্কুলের কথা বলে দু-একটা খুঁটি গাড়তে পারলে টিন পাওয়া যায়, টিআর পাওয়া যায়। এ জন্য আজকাল অনেকে বাণিজ্যের জন্য বিদ্যালয় করে। শিক্ষা বাণিজ্যের হাতিয়ার হলে জাতির ভবিষ্যৎ অন্ধকার।‘শিক্ষাই আলো’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফরিদপুর জেলার মানসম্মত শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শিক্ষকেরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছেন উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, এর জন্য যে লাঞ্ছিত করছে সে নয়, যে শিক্ষক লাঞ্ছিত হচ্ছেন তিনিই দায়ী। তিনি বলেন, ‘নিজের মান ও সম্মান নিজেকেই রক্ষা করতে হয়। নিজের আচরণ, উপলব্ধি ও মানসিকতা দিয়ে, তা না পারলে এভাবে তাঁদের লাঞ্ছিত হতেই হবে।’মোশাররফ হোসেন আরও বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে পাঁচজন শিক্ষক আছেন। অথচ ১০ জন শিক্ষকের নামে এমপিওভুক্ত করে টাকা ভাগ করে খাচ্ছেন। তাঁদের চিহ্নিত করে ছাঁটাই করতে হবে। কেননা ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো’। ’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. শাহজাহান।