শিক্ষা বিভাগের কার্যক্রম পরিচালিত হবে সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্পষ্ট নীতিমালার আলোকে চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগের কার্যক্রম পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) করপোরেশনের শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম শিক্ষা বিভাগের কার্যক্রম ও বিভিন্ন তথ্য-উপাত্ত মেয়রকে জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন করপোরেশনের শিক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি রেখা আলম চৌধুরী, টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দার। মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন ও সচিব রশিদ আহমেদ।
সভায় আ জ ম নাছির করপোরেশনের শিক্ষা খাতের ভর্তুকি ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে নির্দেশনা দেন।
নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির বলেন, ‘শিক্ষা বিভাগের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। কোন শ্রেণিতে কত জন ভর্তি করা হবে, তারও স্পষ্ট নীতিমালা থাকতে হবে। শিক্ষা বিভাগ নিয়ে বাইরে কিছু কানাঘুষা আছে। কিন্তু নিয়মনীতির বাইরে চলার সুযোগ নাই।’ তিনি বলেন, ‘করপোরেশন পরিচালনার সময় দলীয় কিংবা রাজনৈতিক পরিচয়ে প্রভাবিত হয়ে কোনো পদক্ষেপ নেব না।’
সভায় করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবনির্বাচিত মেয়র এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।