শিক্ষা বৃত্তি দেশের জন্য মহৎ কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেওয়াকে দেশের জন্য মহৎ কাজ বলে আখ্যায়িত করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকা গফরগাঁও সমিতি আয়োজিত আলতাফ হোসেন গোলন্দাজ শিক্ষা বৃত্তি-২০১৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজকদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে। আমি আশা করি, আপনারা এর পরিধি আরও বাড়াবেন। এবার শুনলাম ৫০ জনকে বৃত্তি দেওয়া হবে। আগামী বছর বা তার পরের বছর অন্তত ১০০ জনকে বৃত্তি দেবেন। কারণ, এই বৃত্তিটা কিন্তু আপনাদের বিনিয়োগ।’
গফরগাঁও সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-১০ আসনের সাংসদ ফাহিম গোলন্দাজ বাবেল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ মুনেরুছ সালেহীন, গফরগাঁও সমিতির সাধারণ সম্পাদক মো. ফসিউল্লাহ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।