শিক্ষা বোর্ড চেয়ারম্যানের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গতকাল শনিবার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ স্লোগান দেন।
সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটের দোতলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা ইমারত ফাউন্ডেশন গত বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. অলীউল আলম, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাংসদের পত্নী তহুরা হক, বাগমারার ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির তথ্য উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের সাংসদ এনামুল হককে অনুকরণ ও অনুসরণ করার আহ্বান জানান। পরে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের পর সচিব আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি দায়িত্ব পেয়ে গতকাল বাগমারার অনুষ্ঠানে যোগ দেন।
গতকাল সন্ধ্যার পর বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।