শিক্ষা বোর্ডের নম্বরপত্র নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকলেও অবৈধভাবে ওই অর্থ আদায় করা হচ্ছে৷
শিক্ষার্থীদের অভিযোগ ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পাস করা শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য তাদের মূল নম্বরপত্র জমা দিতে হয় এবং শিক্ষা বোর্ড উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে থাকে। আর বাগমারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে নম্বরপত্র সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছে শিক্ষার্থীরা৷ তাদের টাকা ছাড়া নম্বরপত্র ও প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। উচ্চমাধ্যমিকে ভর্তির জন্য বাধ্য হয়ে টাকা দিয়েই তাদের নম্বরপত্র সংগ্রহ করতে হচ্ছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, নম্বরপত্র দিতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে তিন থেকে ছয় শ টাকা পর্যন্ত আদায় করছে৷ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া হচ্ছে নম্বরপত্রের সঙ্গে প্রশংসাপত্র।
তানিয়া সুলতানা, লিপি খাতুন, সাব্বির আহমেদ নামের কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা পাঁচ শ টাকা দিয়ে নম্বরপত্র সংগ্রহ করেছে। টাকা ছাড়া তাদের বিদ্যালয়ের কাউকেই নম্বরপত্র দেওয়া হয়নি।
দেউলা গ্রামের রূপচান নামের এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর মেয়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে নম্বরপত্র দেওয়া হয়েছে। এসব বিষয়ে উপজেলার বাইগাছা উচ্চবিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেওয়া হয়েছে। ইউএনও সাদেকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷
উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, এবার বাগমারার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে৷ সে অনুযায়ী গড়ে ৪০০ টাকা হিসাবে মোট ১০ লাখ ৩০ হাজার ৪০০ টাকার বাণিজ্য করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো৷
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা নম্বরপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থী সংকটে থাকা অনেক কলেজশিক্ষার্থীদের রাজি করিয়ে তারাই টাকা দিয়ে নম্বরপত্র ও প্রশংসাপত্র নিয়ে যাচ্ছে। এ সুযোগে তাঁরা টাকা নিচ্ছেন৷ এ টাকা তাঁদের পকেটে নয়, প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে বলে তাঁরা দাবি করেন৷
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, পুরোনো প্রথা হিসেবে এসব টাকা নেওয়া হয়। এসব টাকা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে লাগানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, তিনি এ-সংক্রান্ত অনেক অভিযোগ পেয়েছেন। টাকা নিয়ে নম্বরপত্র ও প্রশংসাপত্র দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। এখন টাকা নেওয়া বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।