শিক্ষা বোর্ডের কাগজ জাল করে শিক্ষক নিয়োগ দিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাখা খোলার জন্য শিক্ষা বোর্ডের ভুয়া অনুমতিপত্র তৈরি এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সই জাল করে সেই শাখায় শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে এবার ধরা খেলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিপিবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখা-২-এর সহকারী পরিচালক গৌর চন্দ্র মণ্ডলের নির্দেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সি এম আনোয়ার ১৭ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
উপজেলার পয়েন্ধা গ্রামের আনিসুর রহমান চৌধুরী ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মো. জালালউদ্দীন গত বছরের ২৮ জুন, ১৮ জুলাই ও ৩১ ডিসেম্বর পৃথকভাবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাউশির মহাপরিচালকসহ বিভিন্ন কার্যালয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের ‘খ’ শাখা খোলার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডের অনুমোদনের ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং উপজেলা শিক্ষা কমিটিকে উপেক্ষা করে এই শাখায় তাঁর স্ত্রীসহ দুই শিক্ষককে ২০০৪ সাল থেকে নিয়োগ দেখান। পরে তিনি পেছনের ওই তারিখে নিয়োগের ভুয়া কাগজপত্র তৈরি এবং জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সই জাল করে মাউশির প্রধান কার্যালয়ে ওই দুই শিক্ষকের এমপিওর জন্য আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের নভেম্বরে দুই শিক্ষকের নাম এমপিওভুক্ত হয়। ওই মাসেই তাঁদের নামে সরকারি বিল আসার পর ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকেরা বিষয়টি জানতে পারেন। কারণ, এমপিওভুক্ত হওয়া দুই শিক্ষককে তাঁরা কোনো দিন দেখেননি এবং বিদ্যালয়ের নতুন শাখা সম্পর্কেও তাঁরা কিছু জানতেন না।
এ বিষয়ে অভিযোগ করার পর মাউশির মহাপরিচালকের (ডিজি) কার্যালয় থেকে রংপুর অঞ্চলের উপপরিচালক রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি ডিজির কাছে গত ১৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই বিদ্যালয়ের ‘খ’ শাখা খোলার অনুমতি-সংক্রান্ত কোনো তথ্য দিনাজপুর শিক্ষা বোর্ডে নেই। প্রধান শিক্ষকের দাখিল করা শাখা অনুমোদন-সংক্রান্ত কাগজপত্র প্রাথমিকভাবে ভুয়া বলে প্রতীয়মান হয়েছে। শাখা শিক্ষক হিসেবে এলিজা বেগম ও সেলিনা বেগমের নিয়োগ-প্রক্রিয়া সঠিক না হওয়ায় তাঁদের এমপিও বাতিল এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ছাড়া ‘খ’ শাখার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাউশির ডিজির নির্দেশে ফেব্রুয়ারি মাসে প্রধান শিক্ষকের স্ত্রী এলিজা বেগম ও সেলিনা বেগমের সরকারি বিল বন্ধ হয়ে যায়। সর্বশেষ ১৭ আগস্ট প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
শিক্ষা বোর্ডের ভুয়া অনুমতিপত্র তৈরি করে, শাখা খুলে, শিক্ষক নিয়োগ ও তাঁদের এমপিওভুক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলম। তিনি দাবি করেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। বিদ্যালয়ের সভাপতি একক সিদ্ধান্তেই আমাকে সাসপেন্ড করেছেন, যা পদ্ধতিগতভাবে হয়নি বলে মনে করি।’
সি এম আনোয়ার বলেন, ‘যা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করেছি।’
মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘আমি গত ১৪ মার্চে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি এবং মাউশির মহাপরিচালক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। প্রতিবেদনের ভিত্তিতে মাউশির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।’