শিক্ষা ভবনে শিক্ষামন্ত্রী শুনলেন নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পুরোনো। গতকাল রোববার এই অধিদপ্তরের কার্যালয় শিক্ষা ভবন পরিদর্শনকালে আরেকবার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অভিযোগ শুনলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাউশির একজন সহকারী পরিচালককে গতকালই ঢাকার বাইরে বদলি করা হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করেই শিক্ষা ভবনে যান শিক্ষামন্ত্রী। এ সময় প্রধান ফটকে শিক্ষক-কর্মচারীরা মন্ত্রীকে ঘিরে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানান। একজন শিক্ষক বলেন, এখানে এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) জন্য আবেদন করলে এমপিও পেতে পাঁচ-সাত মাস লেগে যায়। ওই পাঁচ-সাত মাসের বকেয়া পাওয়া যায় না।
যাত্রাবাড়ীর একজন অভিভাবক বলেন, যাত্রাবাড়ীতে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীকে মাসিক বেতন দিতে হয় ৭০০ টাকা। কিন্তু কোচিং বাবদ প্রতি মাসে নেওয়া হয় আড়াই হাজার টাকা। তখন সেখানে থাকা একাধিক শিক্ষক-কর্মচারী বিভিন্ন অনিয়মের কথা মন্ত্রীকে জানান। মন্ত্রী তাঁদের লিখিতভাবে এসব অভিযোগ করার পরামর্শ দেন।
পরে মন্ত্রী প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক আবদুল কুদ্দুস শিকদারের কক্ষে যান। মন্ত্রী তাঁকে বলেন, তিনি (আবদুল কুদ্দুস) প্রশিক্ষণার্থী শিক্ষকদের নানাভাবে হয়রানি করেন। এ সময় মন্ত্রী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন। এরপর আবদুল কুদ্দুস শিকদারকে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজে তাৎক্ষণিক বদলির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই কর্মকর্তাকে আজ সোমবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে, অন্যথায় আজ বিকেল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলেগণ্য হবেন।