শিক্ষা ভবনের নিচতলায় কাগজপত্র জমা নেওয়া শাখার বাইরে বিষণ্ন ও অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। তিনি বরিশালের বাবুগঞ্জের শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর (বীরশ্রেষ্ঠ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সালাম। হতাশ কণ্ঠে বললেন, সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্তির জন্য ছক অনুযায়ী সব কাগজসহ আবেদন জমা দেওয়ার পর বলা হয়েছে আরও কাগজ লাগবে। লঞ্চে ভোরে সদরঘাটে নেমে এসেছিলেন এখানে। তাঁকে আবার ওই কাগজ নিয়ে ঢাকায় আসতে হবে।
আবদুস সালাম অভিযোগ করলেন, তিনি যেসব কাগজ দিয়েছেন, তাঁর এক সহকর্মী সেসব কাগজ জমা দিয়েই এমপিওভুক্ত হয়েছেন। অথচ তাঁকে কাগজ ঘাটতির কথা বলে ঝুলানো হচ্ছে। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
শিক্ষা ভবনে কাজে এসে নানা রকম হয়রানির অভিযোগ করলেন আবদুস সালামের মতো আরও কয়েকজন শিক্ষক। তাঁরা বললেন, অন্তত বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অংশের (এমপিও) কাজ যদি বিকেন্দ্রীকরণ করে আঞ্চলিক বা জেলা-উপজেলা কার্যালয়ের মাধ্যমে করা হয়, তবে একদিকে তাঁরা এমন হয়রানি এবং ঢাকায় আসার কষ্ট ও খরচ থেকে রেহাই পাবেন। বেশির ভাগ শিক্ষকই শিক্ষা ভবনে আসেন এমপিও-সংক্রান্ত কাজে। এ ছাড়া টাইম স্কেল, বদলি, পদোন্নতি ও পদায়নের কাজের জন্যও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা এই ভবনে আসেন। সরকারি শিক্ষকদের বদলি-পদায়ন সুষ্ঠু নীতিমালার ভিত্তিতে হলে এখানে শিক্ষকদের আসা অনেক কমে যেত।
রাজধানীর শিক্ষা ভবনে গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও গতকাল রোববার সরেজমিনে গিয়ে সেখানে নানা কাজে আসা শিক্ষকদের হয়রানি, ভোগান্তি ও অসহায় অবস্থা জানা যায়। প্রতিদিন শ দুয়েক শিক্ষক-কর্মচারী ওই ভবনে আসেন। আলাপকালে কয়েকজন শিক্ষক ‘ঘুষ’ ও কাজের দীর্ঘসূত্রতার অভিযোগও করলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভবনই শিক্ষা ভবন নামে পরিচিত। মাউশির অধীনে বর্তমানে প্রায় ৩৫ হাজার বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা আছে। এগুলোর মধ্যে প্রায় ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। আর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। সরকারি শিক্ষক-কর্মচারী আছেন আরও প্রায় ২০ হাজার। এসব শিক্ষক-কর্মচারীর প্রয়োজনীয় বিভিন্ন কাজকর্ম হয় এই ভবনে। এখানে কাজের জন্য যাঁরা আসেন তাঁরা যেমন শিক্ষক আবার এই ভবনের কর্মকর্তারাও প্রেষণে আসা শিক্ষক।
নিরীহ ও সহজ-সরল প্রকৃতির শিক্ষকদের ভোগান্তির শুরু হয় শিক্ষা ভবনের ফটক থেকেই। মঙ্গলবার দুপুরের দিকে দেখা গেল, মূল ফটকে দায়িত্বরত একজন আনসার সদস্য দুই-তিনজন ব্যক্তিকে ঢুকতে দিচ্ছেন না। তাঁরা বারবার অনুরোধ করেও আনসার সদস্যের মন গলাতে পারছিলেন না। তাঁদের একজন মাদ্রাসাশিক্ষক শফিকুল ইসলাম নেত্রকোনা থেকে এসেছেন। অথচ তাঁদের পাশ কেটে চটপটে কয়েকজন ঠিকই ঢুকে পড়লেন।
শিক্ষকদের ঢুকতে না দেওয়ার বিষয়ে ওই আনসার সদস্য জানালেন, ওপরের নির্দেশে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। প্রতিষ্ঠান-প্রধানের ছাড়পত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে শফিকুল ইসলাম মাদ্রাসা-প্রধানের ছাড়পত্র দেখিয়েও ঢুকতে গিয়ে ভোগান্তিতে পড়েন।
কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষা ভবনে কাজে এসে তাঁরা নানা ধরনের হয়রানিতে পড়েন। কিন্তু সবচেয়ে কষ্ট পান ফটকে আনসার সদস্যদের খারাপ আচরণে।
এ বিষয়ে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) আতাউর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, শিক্ষা ভবনের পরিবেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। নানা উদ্যোগের ফলে হয়রানি ৮০ শতাংশ কমে গেছে। বাকিটুকুও কমানোর চেষ্টা চলছে।
বুধবার সেখানে কথা হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদ্রাসাশিক্ষক জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি জানান, রংপুর বিভাগের শিক্ষক-কর্মচারীদের এমপিওসহ এ-সংক্রান্ত কাজ সহজ করতে অনলাইনে করা হচ্ছে। কিন্তু তিনি টাইম স্কেলের জন্য চারবার অনলাইনে আবেদন করেও ফল পাননি। নিরুপায় হয়ে নিজেই এসেছেন। ঢাকায় থাকার মতো জায়গা না থাকায় গাজীপুরের গাজীপুরায় আত্মীয়ের বাসায় রাতে ছিলেন। সকালে শিক্ষা ভবনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পেতে কয়েক ঘণ্টা বসে আছেন।
কয়েক দিন আগেও একজন উপপরিচালকের কার্যালয়ে এ প্রতিবেদকের সামনে রংপুর বিভাগের একজন শিক্ষক জানান, অনলাইনে আবেদন করার পর তাঁকে জানানো হয়, কাগজ ঘাটতি আছে। কিন্তু কী ঘাটতি আছে সেটা জানানো হয়নি। ফলে তা জানতে তাঁকে ঢাকায় আসতে হলো।
এ বিষয়ে দুজন কর্মকর্তা জানান, এই অনলাইনে মূলত কাগজপত্রগুলো স্ক্যান করে পাঠানো হয়। এতে অনেকের কাগজ অস্পষ্ট থাকে।
কাজে দীর্ঘসূত্রতার অভিযোগ করলেন কয়েকজন শিক্ষক। তাঁদের একজন খুলনার বটিয়াঘাটার সুদর্শন রায়। মঙ্গলবার তিনি বলেন, এক বছর আগে বিএড স্কেলের জন্য আবেদন করলেও সাড়া পাচ্ছেন না। এ জন্য বিষয়টি জানতে এসেছেন।
কয়েকজন শিক্ষক বলেন, কাজের জন্য কিছুসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ‘ঘুষ’ চান। বুধবার কুড়িগ্রামের একজন জানান, তাঁর কয়েকজন সহকর্মীকে কাজের জন্য ‘ঘুষ’ দিতে হয়েছে। অবশ্য শিক্ষা ভবনে সিসি ক্যামেরা বসানোর পর ভেতরে ঘুষ লেনদেন কমে গেছে।
কাজে দীর্ঘসূত্রতা কমাতে দীর্ঘদিন ধরে মাদ্রাসা ও মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তরের কথা বলা হলেও সম্প্রতি কেবল মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তরের প্রয়োজনীয় জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে। তবে আলাদা কার্যক্রম শুরু হয়নি। মাধ্যমিক স্তরের শিক্ষকেরাও মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর চান।
নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির একজন উপপরিচালক বলেন, তিনিও মনে করেন এমপিওর কাজ উপজেলা পর্যায়েই হওয়া উচিত। উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি করে সহজেই তা করা সম্ভব। এমপিওসহ সব কাজ বিকেন্দ্রীকরণ করা হলে শিক্ষকদের হয়রানি এমনিতেই বন্ধ হয়ে যাবে। শিক্ষা ভবনে কেবল নীতিনির্ধারণী কাজ হবে।
মাউশির পরিচালক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, তিনিও এমপিওভুক্তির কাজ বিকেন্দ্রীকরণের পক্ষে।
সূত্র জানায়, এর আগে পরীক্ষামূলকভাবে খুলনা আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এমপিওভুক্তির কাজ শুরু হলেও বেশিদূর এগোয়নি। আগামী জানুয়ারি থেকে রংপুর অঞ্চলের বিদ্যালয় ও মাদ্রাসাশিক্ষকদের এমপিওর কাজ আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে করার চিন্তাভাবনা চলছে।