শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের নীতিমালা লঙ্ঘন করে বিদ্যালয় পরিচালনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নীতিমালা লঙ্ঘন করে কুমিল্লা সিটি কলেজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভাড়াবাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম মন্ত্রণালয় ও বোর্ডের প্রজ্ঞাপন লঙ্ঘন করে ওই বিদ্যালয়টি স্থাপন এবং পাঠদানের অনুমতি দেন। শর্ত সাপেক্ষে ওই উপপরিচালক বিদ্যালয় স্থাপনের অনুমতি দিতে পারবেন। কিন্তু কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতি দেওয়ার এখতিয়ার তাঁর নেই। পাঠদানের অনুমতি দেবে কুমিল্লা শিক্ষা বোর্ড অথবা মন্ত্রণালয়।অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সুবিধা নিয়ে তিনি বিদ্যালয়টিকে তিন বছরের প্রাথমিক অনুমোদন দেন। বিদ্যালয়টির মালিক হচ্ছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিমাঞ্চলের জামায়াতের সহকারী সেক্রেটারি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক নেতা মু. ইফতেখার আলম ভূঁইয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের দপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ এপ্রিল ওই দপ্তরের উপপরিচালক মনোয়ারা বেগম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি কলেজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন দেন। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য বিদ্যালয় স্থাপনের এবং পাঠদানের অনুমতি দেন তিনি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম বলেন, ‘কুমিল্লা সিটি কলেজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করায় তাঁদের বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছি। চিঠিতে কী লিখেছি, তা এ মুহূর্তে মনে পড়ছে না। বিদ্যালয়টির মালিক জামায়াতে ইসলামীর নেতা হলে চিন্তাভাবনা করে অনুমতি দিতাম।’কুমিল্লা সিটি কলেজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মু. ইফতেখার আলম ভূঁইয়া বলেন, ‘উপপরিচালক আমাদের শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি দিয়েছেন।’কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, ‘নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হলে ন্যূনতম ৫০ শতক জমি লাগবে। কিন্তু কুমিল্লা সিটি কলেজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ভাড়াবাড়িতে পরিচালিত হয়ে আসছে। তা ছাড়া, ওই উপজেলায় বিদ্যালয়ের প্রাপ্যতা, দূরত্ব ও জনসংখ্যার বিষয় রয়েছে। বিদ্যালয়টিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কোনো শিক্ষক নেই। এ অবস্থায় মন্ত্রণালয় ও বোর্ডের নীতিমালা লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’