শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক সমিতির আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবিলম্বে উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ১৩ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতি। এ সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করে সমিতি। চুয়েটের পশ্চিম গ্যালারিতে গতকাল বেলা ১১টায় সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহিম খানের উপস্থিতিতে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার এ ঘোষণা দেন। এ ছাড়া তাঁরা পূর্ণ মেয়াদে উপাচার্য নিয়োগের জন্য আরও সময় প্রয়োজন হলে অনতিবিলম্বে চুয়েট থেকে উপযুক্ত কাউকে উপাচার্যের চলতি দায়িত্ব দেওয়ারও দাবি জানান তাঁরা। এদিকে উপাচার্য নিয়োগের দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। গত রোববার থেকে ধারাবাহিকভাবে ক্লাস বর্জন কর্মসূচি চলছে। উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল বিকেলে চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) বরাবর শিক্ষক সমিতির বর্তমান কমিটির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা স্মারকলিপিতে শিক্ষক সমিতির বর্তমান কমিটিকে মেয়াদোত্তীর্ণ বলে দাবি করেন।