শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ থাকতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত জোট সরকারের আমলে বিদেশি ঋণের টাকা লুটপাট করা হয়েছে। এ জন্য সরকারকে বছরে ১৫ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ থাকতে পারবে না।গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশে এক হাজার ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। ২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলমুখী করা হবে। স্কুলে শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। স্কুল-কলেজগুলোতে মানসম্মত শিক্ষাব্যবস্থা চালু করা হবে। নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। কলেজটির উন্নয়নে ইতিমধ্যে ১২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য একনেকে পাঠানো হয়েছে। সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিরিন বেগমের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক (প্রশাসন) দীপক কুমার নাথ, জেলা প্রশাসক মো. সামছুর রহমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর প্রমুখ বক্তব্য দেন।