শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থাপনা না থাকায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন শিক্ষা ভবন নির্মাণে অনুসরণীয় বিষয়ে জারি করা পরিপত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ব্যবস্থাপনার কথা উল্লেখ নেই। এতে প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, একীভূত নির্দেশনা বাস্তবায়নে ব্যাপক অনীহা প্রকাশ পেয়েছে এই পরিপত্রে।

প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনের পরিষদ (পিএনএসপি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এর যৌথ উদ্যোগে আজ শনিবার পিএনএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নতুন শিক্ষা ভবন নির্মাণে একীভূত নির্দেশনা’ শীর্ষক এক মতবিনিময় সভার আলোচকেরা এসব কথা বলেন। বি-স্ক্যানের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় জানানো হয়, ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী একীভূত শিক্ষা বাস্তবায়নে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাধামুক্ত অংশগ্রহণের নির্দেশনা দেওয়া আছে।
সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা ২০১৫ এর বিশেষজ্ঞ জেবুন নাসরীন আহমেদ। তিনি গণস্থাপনার নকশা অনুমোদন প্রদানকারী সংস্থাগুলোতে প্রবেশগম্যতা অভিজ্ঞ ব্যক্তিকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজউক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা স্থাপনার নকশা নিয়ে কাজ করে এবং অনুমোদন দেয় তারাই প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করবে। এ ছাড়াও প্রবেশগম্যতার আইন না মানার কারণে তিনি বেশ কিছু স্থাপনা এবং ভবনের বিরুদ্ধে মামলা করার জন্যও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোকে আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে পিএনএসপির সভাপতি এম ওসমান খালেদ বাংলা ইশারা ভাষায় দোভাষীর সাহায্যে দেওয়া বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এবং শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের জন্যও ভবনে প্রবেশগম্যতা ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষত শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা বিষয়টি অবহেলিত থেকে যায় সবক্ষেত্রেই।
সভার বিশেষ অতিথি সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম বলেন, শুধু শিক্ষা মন্ত্রণালয় নয়, অন্যান্য মন্ত্রণালয়ের ভবনেও প্রবেশগম্যতার বিষয়ে পরিপত্র জারি করতে হবে। এ ছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্থাপনাগুলোতেও প্রবেশগম্যতা নিশ্চিত করার বিষয়ে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
স্থপতি সাঈদা সুলতানা, পিএনএসপির পরিচালক রফিক জামান, বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ প্রমুখ আলোচনায় অংশ নেন। পিএনএসপির সাধারণ সম্পাদক সালমা মাহবুব সভায় স্বাগত বক্তব্য দেন। এতে ইশারা ভাষায় দোভাষীর দায়িত্ব পালন করেন সোসাইটি ফর দ্যা ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর সমন্বয়ক আবু হানিফ মুহাম্মদ ফরহাদ।