শিক্ষা শেষের আনন্দ করতে গিয়ে জীবনটাই শেষ
মাত্র ২৪ বছর বয়স। সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন আবু এসরার। বিশ্ববিদ্যালয়ের পাঠপর্ব প্রায় শেষ। প্রকৌশলী হয়ে বেরিয়ে যাবেন কর্মজীবনের পথে। হঠাৎ থেমে গেল উল্লাস। আনন্দ পরিণত হলো বুকভাঙা শোকে। আবু এসরার চলে গেলেন জীবনের সীমানা পেরিয়ে, মৃত্যুর দুয়ার দিয়ে না-ফেরার ভুবনে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ’০৭ ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আবু এসরার। গত শুক্রবার ‘র্যাগ ডে’ উদ্যাপনের সময় বিশ্ববিদ্যালয়ের এম এ রশিদ হলের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন এসরার। সেখানেই থেমে যায় তাঁর জীবনের স্পন্দন।হল সূত্র জানায়, ’০৭ ব্যাচের শিক্ষার্থীরা কয়েক মাসের মধ্যে পাঠ শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবেন। তাই শুক্রবার ‘র্যাগ ডে’র আয়োজন করেন তাঁরা। রাত সাড়ে ১১টার দিকে অন্য হলের শিক্ষার্থীরা আনন্দ করতে করতে রশিদ হলে যান। এসরার ও তাঁর কয়েকজন সহপাঠী হলের নামফলকসংলগ্ন ছাদে উঠে ওদের লক্ষ্য করে রং মেখানো পানি ছুড়ছিলেন। এ সময় একটি বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসরার থাকতেন রশিদ হলের ২০৪ নম্বর কক্ষে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এসরারের মরদেহ নিয়ে সবাই গ্রামের বাড়িতে গেছেন বলে কয়েকজন শিক্ষার্থী জানান। বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মর্মাহত। শুক্রবারের আয়োজন সম্পর্কেও কিছু জানানো হয়নি। এ ঘটনা তদন্ত করে দেখা হবে।’ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, বুয়েট কর্তৃপক্ষের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এসরারের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুরে। আমাদের ফেনী প্রতিনিধি জানান, তিন ভাইয়ের মধ্যে এসরার ছিলেন ছোট। বাবা আবদুস সাত্তার। গতকাল মরদেহ আসার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বেলা তিনটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।