শিক্ষা, সচেতনতা ও সমন্বিত চেষ্টাই পারে বাল্যবিবাহ বন্ধ করতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্রথম আলোর উদ্যোগে ‘বাল্যবিবাহ: দারিদ্র্য ও নিরাপত্তা প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্রথম আলোর উদ্যোগে ‘বাল্যবিবাহ: দারিদ্র্য ও নিরাপত্তা প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: জাহিদুল করিম

বাংলাদেশের ভয়াবহ একটি সংকটের নাম বাল্যবিবাহ। শিশু বয়সেই বিয়ের কারণে একটি মেয়ে তার শৈশব থেকে বঞ্চিত হয়। এরপর তাকে শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হতে হয়। কাজেই বাল্যবিবাহ বন্ধ করতেই হবে।

আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। বাল্যবিবাহ বন্ধে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কোনোভাবেই ১৮ বছরের নিচে নামানো যাবে না বলে মত আসে বৈঠকে। এ ছাড়া বাল্যবিবাহ বন্ধে নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের কথা বলা হয়। বৈঠকে সবাই আশা প্রকাশ করে বলেন, নাগরিক সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন সবার সমন্বিত প্রচেষ্টাতেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।

প্রথম আলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ‘বাল্যবিবাহ: দারিদ্র্য ও নিরাপত্তা প্রেক্ষিত’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক, অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব, সহযোগী অধ্যাপক আয়েশা বানু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুন্নেসা, ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার শামীমা বেগম, আইনজীবী সারা হোসেন, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শাবনাজ জাহেরিন ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যে করেই হোক বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারীর পাশাপাশি পুরুষকেও এই আন্দোলনে থাকতে হবে।’

আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান বলেন, বাল্যবিবাহের মাধ্যমে একটি শিশু ও শৈশবকে হত্যা করা হচ্ছে।

নাজমা চৌধুরী বলেন, শিশু বয়সে একটি মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে তাকে শারীরিক ও মানসিক নিপীড়নের মুখোমুখি করে দেওয়া। মাতৃমৃত্যুর একটি বড় কারণও বাল্যবিবাহ।

আয়েশা বানু বলেন, বাল্যবিবাহের কারণে একটি মেয়ে যৌন নিপীড়নের শিকার হয়। এটি একটি বৈশ্বিক সমস্যা।

আশরাফুন্নেসা বলেন, বাল্যবিবাহের মাধ্যমে একটি শিশুর বিকাশই বন্ধ করে দেওয়া হচ্ছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায় বলেন, ‘দুই মাস আগে রাজশাহীর বাঘায় গিয়েছিলাম। সেখানে ১৪ বছরের একটি মেয়েকে পাই, যে বিয়ের পর নির্যাতনে কারণে বাবার বাড়ি চলে আসতে বাধ্য হয়েছে। ধানের বোঝা বয়ে আনতে পারত না বলে মেয়েটিকে নির্যাতন করা হতো শ্বশুরবাড়িতে। কেবল শারীরিক নির্যাতন না, যৌন নির্যাতন তো আছেই।’

গোলটেবিল বৈঠকের সব বক্তাই বাল্যবিবাহের ক্ষতিকর নানা দিক তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল তার নিরাপত্তার কথা ভেবে।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শাবনাজ জাহেরিন বলেন, জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু। কাজেই বাল্যবিবাহ না বলে শিশুবিবাহ বলা উচিত। তাতে হয়তো সবার কানে কথাটি বাজবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নিরাপত্তাহীনতার বিষয়টি মাথায় রেখেই বিয়ের বয়স কমানোর চিন্তা করা হচ্ছে। তবে এ নিয়ে সবার সঙ্গে কথা বলতে হবে।

বিয়ের বিষয়ে একটি সমন্বিত আইন করার বিষয়ে প্রস্তাব করেন আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, আইনে বিয়ের বয়স নিয়ে অস্পষ্টতা আছে। বিষয়টি সব ধর্মের সবার জন্য এক করতে একটি সমন্বিত ব্যবস্থা করা দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক, বর্তমান আইন অনুযায়ী ১৮ বছরের নিচে বিয়ে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু অহরহ এই ঘটনা ঘটছে। এখন যদি বিয়ের বয়স কমিয়ে ১৬ করা হয়, তাহলে এই ঘটনা আরও বেড়ে যাবে।