শিক্ষা সফর বিষয়ে নির্দেশনা জারি
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর বা বনভোজনে যাওয়ার বিষয়ে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শাহীন আখতার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর ও বনভোজনে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, শিক্ষা সফরে যাওয়ার আগে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিতে হবে এবং দায়িত্বশীল শিক্ষককে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। ভ্রমণের জায়গা সম্পর্কে আগেই শিক্ষার্থীদের অবহিত করতে হবে এবং স্থানীয় প্রশাসনকে আগেই জানাতে হবে। বড় ধরনের শিক্ষা সফর কিংবা বনভোজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করতে হবে।
স্থানীয় নিরাপত্তাসংক্রান্ত বিধিবিধানগুলো অবশ্যই পালন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।