শিক্ষা সমাপনী উৎসব মাতালেন জেমস
রাতের আকাশে একের পর এক আতশবাজির বিচ্ছুরণের সঙ্গে পাল্লা দিয়ে চলে গান। গান গেয়ে মঞ্চ মাতান নগরবাউলের জেমস। একটার পর একটা গানে জয় করে নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের (ব্যাচ-১১) শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের (র্যা গ ডে) শেষ দিন ছিল গত শুক্রবার। এদিন রাতে আয়োজন করা হয় জমজমাট কনসার্টের। এতে সংগীত পরিবেশন করেন নগরবাউল ব্যান্ড দলের মাহফুজ আনাম জেমস।
রাত সাড়ে নয়টায় দিকে মঞ্চে ওঠেন জেমস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একের পর এক গাইতে শুরু করেন ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’। এরপর একে একে ‘লেইস ফিতা লেইস’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মা, দুঃখিনী দুঃখ করো না’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘চাল চালে আপনি ঘর’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘মীরাবাঈ’, ‘পাগলা হাওয়া’সহ ১৪টি জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। বলিউডের গ্যাংস্টার সিনেমায় নিজের গাওয়া জনপ্রিয় গান ‘না জানে কোয়ি’ দিয়ে জেমস পরিবেশনা শেষ করেন।
ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই কনসার্টের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুরো সময়টা তাঁরা নেচে-গেয়ে মুখর করে রেখেছিলেন মুক্তমঞ্চ চত্বর।