শিক্ষা সম্প্রসারণে বাউবিকে অর্থ-সহায়তা দিচ্ছে কোইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা সম্প্রসারণ করার জন্য অর্থ-সহায়তা দিচ্ছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও কোইকার মধ্যে গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় ২৭ লাখ মার্কিন ডলার সহায়তা পাওয়া যাবে। এই অর্থ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ওয়েবনির্ভর শিক্ষা পদ্ধতি চালু শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশজুড়ে নেটওয়ার্কের মাধ্যমে বাউবির তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসার ঘটবে। ভ্রাম্যমাণ কম্পিউটার ল্যাব-সুবিধা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া সম্ভব হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লায়লা আরজুমান্দ বানু, বাউবির কোষাধ্যক্ষ শান্তি নারায়ণ ঘোষ এবং কোইকার দলনেতা ন্যাম সুন-লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বাউবির উপাচার্য আর আই এম আমিনুর রশিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।