শিক্ষা, সরকারি চাকরিতে সিলেটিদের অবস্থানের পরিবর্তন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সিলেট উৎসবে বক্তারা বলেছেন, শিক্ষা, সরকারি চাকরি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সিলেটবাসীরা অনেক পিছিয়ে পড়েছে। এ তিনটি ক্ষেত্রে নিজেদের অবস্থানের পরিবর্তন করতে হবে। তা না হলে ভবিষ্যতে সব ক্ষেত্র থেকেই পিছিয়ে পড়তে হবে সিলেটবাসীকে।
‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা’ স্লোগান সামনে নিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের এই উৎসব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী উৎসব উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ফজলুর রহমান চৌধুরী বলেন, শিক্ষা, সরকারি চাকরি—এ দুটি ক্ষেত্রেই সিলেটিরা অনেক পিছিয়ে। আগে শিক্ষাক্ষেত্রে সিলেটিদের যেভাবে দেখা যেত, এখন আর সে রকম দেখা যায় না। এ ক্ষেত্রে এগোতে হবে। তা না হলে ভবিষ্যতে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডেও সিলেটিরা পিছিয়ে পড়েছে।
ব্যবসায়ী শেকিল চৌধুরী বলেন, বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে একসময় সিলেটিরা অগ্রণী ভূমিকা পালন করত। প্রশাসনসহ শিক্ষায় যে অবস্থান ছিল, তা ক্ষীণ হয়ে এসেছে। এ অবস্থার পরিবর্তন জরুরি।
চিকিৎসক শাহানা খাতুন বলেন, ছেলেমেয়েরা লেখাপড়া করছে না। গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা কমছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইনাম আহমদ চৌধুরী, বর্তমান সভাপতি সি এম তোফায়েল সামি, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা প্রমুখ বক্তব্য দেন।