তিনটি পাহাড় নিয়ে মধ্যম সীতাকুণ্ডের সোনাইছড়ির ত্রিপুরাপাড়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব দিকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে পাহাড়ের ভেতরে এই পাড়াটির অবস্থান। চট্টগ্রাম নগর থেকে এই পাড়ার দূরত্ব বড়জোর ৩০ কিলোমিটার। তবে নগর যত কাছেই হোক না কেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়কব্যবস্থা, বিদ্যুৎ, পানিসহ কোনো নাগরিক সুযোগ-সুবিধার বালাই নেই পাড়াটিতে। আয়ের উৎস শুধু জুমচাষ এবং বাগান করা।
নয়টি শিশু মারা যাওয়ার পর গত বুধবারই অনগ্রসর এই পাড়াটির কথা সবার সামনে আসে। এর আগে কোনো স্বাস্থ্যকর্মীও পা রাখেননি ওই পাড়ায়। স্থানীয় জনপ্রতিনিধিদেরও তাঁদের কথা কেবল ভোটের আগে মনে পড়ে।
ত্রিপুরাপাড়ার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে সময় লাগে কমপক্ষে ১৫ মিনিট। কাছের দোকানপাটও এক কিলোমিটার দূরে। রাস্তা বলতে নিজেদের তৈরি করে নেওয়া এবড়োখেবড়ো একটি পাহাড়ি উঁচু-নিচু মেঠোপথ। পাহাড়ের বাসিন্দাদের সুপেয় পানির একমাত্র উৎস পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়া। ওই পানিই তাঁরা পানসহ সব কাজে ব্যবহার করেন। স্বাস্থ্যসেবা বলতে তাঁরা বোঝেন হোমিও চিকিৎসা আর ঝাড়ফুঁক। কোনো শিশুকে টিকা পর্যন্ত দেওয়া হয় না। চিকিৎসকেরা বলছেন, ওই পাড়ার শিশুরা সবাই অপুষ্টির শিকার।
তবে অনগ্রসর এই পাড়ার ৭৪ পরিবারের বাসিন্দাদেরও যেন এ নিয়ে কোনো খেদ নেই। গত বুধবার পর্যন্ত ওই পাড়ায় সাত দিনে নয় শিশু মারা যায়। আরও ৫১ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ওই পাড়ায় গিয়ে দেখা যায়, প্রাণহীন স্তব্ধ হয়ে বসে আছেন বাসিন্দারা। এলাকার সত্তরোর্ধ্ব মণীন্দ্র ত্রিপুরা বলেন, ‘একসঙ্গে এত মৃত্যু এই পাড়ায় দেখিনি।’
পাড়ার বাসিন্দা শান্ত চাকমা অজ্ঞাত রোগে হারিয়েছেন তাঁর ছেলে তাকিপতিকে। জানতে চাইলে শোকগ্রস্ত কণ্ঠে বলেন, ‘আমাদের এখানে কোনো স্বাস্থ্যকর্মী আসে না। টিকাও দেয় না। পাড়ার কেউ কখনো হাসপাতালে যাইনি।’
পাড়ার প্রসূতিদেরও হাসপাতালে নেওয়া হয় না। প্রসব হয় এই পাহাড়ে ধাত্রীদের হাতে। পাড়ার বাসিন্দা নারিন্দ ত্রিপুরা বলেন, তাঁর তিন সন্তানই বাড়িতে জন্মেছে। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর কোনো দিন চিকিৎসক কিংবা হাসপাতালে নেননি।
তবে কয়েকজন বাসিন্দা জানান, দোকানে বা বাজারে গিয়ে কখনো কখনো টিকা দিবসের কথা তাঁরা শুনেছেন। কিন্তু দূরের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যেতে হবে বলে তাঁরা সন্তানদের টিকা দিতে উৎসাহ পান না। ত্রিপুরাপাড়া থেকে এক কিলোমিটার দূরে বাঙালি পাড়ার বাসিন্দা লাকী আক্তার বলেন, স্বাস্থ্যকর্মীরা তাঁদের সন্তানদের পাড়ায় এসে টিকা দিয়ে যায়।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘ওই পাড়ার শিশুরা বেশ কয়েক বছর ধরে টিকা পাচ্ছে না বলে শুনেছি। তবে আগে কেউ এ কথা আমাকে জানায়নি। ওই পাড়ায় স্বাস্থ্যকর্মীরা যায় না, এই অভিযোগটির তদন্ত করে দেখা হচ্ছে।’
পাড়ার শিশুদের প্রায় সবাই পড়াশোনার আলো থেকে বঞ্চিত। সবচেয়ে কাছের বিদ্যালয়টিও পাড়া থেকে দুই কিলোমিটার দূরে। কাঞ্চনমালা ত্রিপুরা নামের একজন বলেন, স্কুল অনেক দূরে। তাই কাউকে সেখানে পাঠানো হয় না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নেছার আহমেদ বলেন, দরিদ্র ব্যক্তি ও বয়স্ক ভাতার তালিকায় পাড়াটির কয়েকজন সদস্যের নাম আছে। তাঁদের নিয়মিত ভাতা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে পাড়ায় সহায়তা করা হয় বলেও দাবি তাঁর। তবে এ বিষয়ে পাড়ার এক বাসিন্দা জানান, ভোট ছাড়া জনপ্রতিনিধিরা কখনো তাঁদের পাড়ায় যান না।
এদিকে প্রচারের আলোয় আসার পর ওই পাড়ায় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার লোকজন পরিদর্শনে যাচ্ছেন। গতকাল স্থানীয় সাংসদ দিদারুল আলম পাড়াটি পরিদর্শন করে ওখানে ১০টি নলকূপ ও বিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন। মৃত শিশুদের প্রত্যেকের পরিবারকে সাংসদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।