শিক্ষাই নিশ্চিত করবে দেশে নারীর অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজন শিক্ষা, লিঙ্গ সমতা ও আইনে নারীর অভিগম্যতা নিশ্চিত করা। পাশাপাশি সমাজের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহির সংস্কৃতিও দরকার।

গতকাল শনিবার ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর নারীর ভূমিকা ও প্রভাব’ শিরোনামে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। জোনটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট টোয়েন্টি-ফাইভের সহযোগিতায় রাজধানীর ডেইলি স্টার ভবনে এ বৈঠকের আয়োজন করে লিডারশিপ এক্সেলেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট।

বৈঠকে বক্তারা বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাঁদের পেছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু নারী উদ্যোক্তাদের অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে সমাজ থেকে নারী-পুরুষের মধ্যে যে বিভেদ, তা দূর করে অর্থনীতি, রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট কার্যক্রমবিষয়ক প্রধান বিটপি দাস চৌধুরী তাঁর বক্তব্যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে ব্যাংক খাতে নারীদের পিছিয়ে পড়ার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের জন্য অর্থনীতিবিষয়ক শিক্ষা জরুরি।

নারীরা নিজের অধিকার সম্পর্কে না জানার কারণেও বৈষম্যের শিকার হন বলে মনে করেন প্লাস ওয়ান সার্ভিসেসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা। তিনি বলেন, বাংলাদেশ আধুনিক হচ্ছে, নারীদের কাজের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ঘরে এবং কর্মক্ষেত্রে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন।

মেয়েদের শিক্ষার ওপর বেশ জোর দেন বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের উন্নয়ন পরিচালক লাউস কোচার।