শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষিত জাতিই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। শিক্ষাব্যবস্থার উন্নতি হলে ভবিষ্যতে যোগ্যরাই দেশের নেতৃত্ব দেবে।
গতকাল শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী নবপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যমের এই বিদ্যালয়ে সাধারণ মানুষের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ করে দিতে পরামর্শ দেন। তিনি বলেন, বাণিজ্য নয়, শিক্ষাই যেন হয় এ বিদ্যালয়ের মূল উদ্দেশ্য।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি উন্নত দেশ উপহার দেওয়ার চেষ্টা করছেন। দেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে শিক্ষাব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীকে উন্নত জাতি হিসেবে গড়তে শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে প্রধানমন্ত্রী এ খাতে সর্বোচ্চ ব্যয় করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন কিশোর শফি চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়টির অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান ও মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।