ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। সংবিধানে শিক্ষাকে জনগণের মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া আছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সেভ দ্য চিলড্রেন ও পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
সংবিধানে অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া দেশগুলোর তুলনায় শিক্ষায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো উল্লেখ করে ফজলে রাব্বী মিয়া বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি অপরিপক্ব। আইনটিকে সংশোধন করে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে সংবিধানে রাষ্ট্রকে যা যা করতে বলা হয়েছে, তা নতুন আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, সংবিধানের ১৭ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের মাধ্যমে নির্ধারিত স্তর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেবে। সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সংগতিপূর্ণ করে প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা-প্রণোদিত নাগরিক সৃষ্টি করবে। এখানেই শিক্ষার মূল বিষয়টি বলা আছে।
বৈঠকে সবার জন্য প্রাথমিক শিক্ষা অধিকার-বিষয়ক মূল প্রবন্ধ সেভ দ্য চিলড্রেনের শিক্ষা বিভাগের পরিচালক তালাৎ মাহমুদ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করেছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিতে জনমত সৃষ্টিতে জোর দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল করার কথা চিন্তা করছে সরকার। বৈঠকে সভাপতিত্ব করেন শিশু অধিকার-বিষয়ক ককাসের সহসভাপতি এনামুর রহমান। বৈঠকের সঞ্চালক ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, কোচিং ও ভর্তি-বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁস রোধে প্রস্তাবিত শিক্ষা আইনে কঠোর নির্দেশনা থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে বেশ কয়েকজন সাংসদ, সরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষকনেতা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।