রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিক্ষাব্যবস্থাকে বাণিজ্যিকীকরণের পরিবর্তে গুণগত শিক্ষা প্রদানের পাশাপাশি সমাজ বিনির্মাণে অবদান রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ১০ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘মুক্তবাজার অর্থনীতির মতো শিক্ষাও বাণিজ্যিকভাবে ব্যবহূত হলে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য তা হবে ভয়াবহ।’সমাবর্তন অনুষ্ঠানে এক হাজার ৪০ জন ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া তিনজন ছাত্রছাত্রীকে তাঁদের অনন্যপূর্ব ফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বক্তব্য দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য কারমেন জেড লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদিনও সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে, যেন শিক্ষার মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি আইন তৈরির কাজ করছে, যা শিক্ষার মান নিশ্চিত করবে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি প্রত্যেক গ্র্যাজুয়েটের প্রতি পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান।