শিক্ষাকে মুনাফার হাতিয়ার না করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষাকে মুনাফা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জাতির উন্নয়ন ও অগ্রগতির অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আফতাব নগরে নিজস্ব ক্যাম্পাসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনে তিনি এই আহ্বান জানান।
বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিশ্বমান ও গুণগত শিক্ষা নিশ্চিত করে দেশপ্রেমিক ও শিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, শুধু সার্টিফিকেটমুখী শিক্ষা নয়, সৃজনশীল ও আলোকিত মানুষ তৈরির জন্য উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই মান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতক ডিগ্রিধারীদের অভিনন্দন জানিয়ে তাঁদের পেশাগত কর্মকাণ্ডের মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার জন্য আহ্বান জানান তিনি।
ছাত্রছাত্রীরা তাঁদের নিজ নিজ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সততা, দক্ষতা ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের সিলেবাস অনুযায়ী শুধু শিক্ষাদানই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নয়, তাদের মানবিকতার প্রশিক্ষণ, সহিষ্ণুতা, সামাজিক দায়িত্ববোধ এবং মূল্যবোধও শিক্ষা দিতে হবে।
রাষ্ট্রপতি সাম্প্রতিককালে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি মানব সভ্যতার প্রতি একটি বড় হুমকি। তিনি শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যদের প্রতি নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ২ হাজার ৭২ জন শিক্ষার্থীকে ডিগ্রির সনদ দেওয়া হয়। এর মধ্যে অনন্য মেধাবী চার শিক্ষার্থীকে স্বর্ণপদক পরিয়ে দেন রাষ্ট্রপতি।
সমাবর্তন বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম জাহিদ হাসান। তিনি বলেন, ‘বর্তমান সময়ের অসহিষ্ণুতা, গোঁড়ামি ও মানবিক মূল্যবোধের অভাব আমাদের ইতিহাসের উল্টো পথে চালিত করছে। তাই বিশ্ববিদ্যালয়ের মৌলিক চিন্তা, বাক্স্বাধীনতা ও দায়িত্ববোধের যথাযথ শিক্ষা, একটি সুন্দর উদারনৈতিক দেশ ও জাতি গঠনে উপযোগী হতে পারে।’ বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দারিদ্র্য, বেকারত্ব, অপ্রত্যাশিত মৃত্যু, জঙ্গিবাদ পৃথিবীকে অন্ধকার করে ফেলেছে। বক্তব্য দেন উপাচার্য এম এম শহিদুল হাসান।