রাজধানীতে এক অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অর্থনৈতিক সংকটের মতো বৈশ্বিক হুমকি মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সে জন্য তরুণ প্রজন্মের প্রয়োজনীয় শিক্ষার পাশাপাশি উদ্ভাবনী এবং অপ্রথাগত দক্ষতার প্রয়োজন। শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিকের দক্ষতা অর্জনের সুবিধার্থে দেশের প্রচলিত শিক্ষাক্রমের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষাক্রমের সংগতি আনতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে একটি হোটেলে ফোরাম অন ইন্টারন্যাশনাল এডুকেশন ফর গ্লোবাল সিটিজেনস (বৈশ্বিক নাগরিকদের জন্য আন্তর্জাতিক শিক্ষার ফোরাম) শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)।
অনুষ্ঠানে বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশের বিদ্যমান শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিবর্তন, দেশের শিক্ষাক্রমের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষাক্রমের সংগতি আনা এবং আন্তর্জাতিক শিক্ষা কীভাবে বাংলাদেশে বিশ্ব নাগরিক গড়ে তুলতে সাহায্য করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার কোনো ভবিষ্যৎ নেই। এই শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। শুধু উচ্চশিক্ষায় নয়, নিম্নস্তরের দিকেও পরিবর্তন প্রয়োজন। শিক্ষাব্যবস্থা শুধু ভবিষ্যতে চাকরি পাওয়ার জন্য নয়। একজনকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষাব্যবস্থার মাধ্যমে। তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষককে প্রশ্ন করার সুযোগ দেয় না। শিক্ষার ধরন হতে হবে বৈশ্বিক। বিশ্লেষণধর্মী ভাবনার, মানিয়ে নেওয়ার এবং উদ্ভাবনী দক্ষতা তৈরিতে সাহায্য করে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে ‘শুরুর মানব উন্নয়ন: ঝুঁকিপূর্ণ বিনিয়োগ’ শীর্ষক তথ্যচিত্র উপস্থাপন করেন একেডিএনের পরামর্শক জ্যানেট জেমিসন। শিক্ষা খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব থেকে উপকারিতা শীর্ষক আরেকটি তথ্যচিত্র উপস্থাপন করেন আগা খান একাডেমির প্রফেশনাল ডেভেলপমেন্টের গ্লোবাল ম্যানেজার জোনাথন মার্শ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, আরও বেশি শিক্ষার্থীকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিবর্তন হয়েছে।
একেডিএনের রেসিডেন্ট ডিপ্লোমেটিক রিপ্রেজেন্টেটিভ মুনির এম মেরালি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আগা খান ফাউন্ডেশন নিবিড়ভাবে কাজ করছে। বাংলাদেশের শিক্ষাক্রমের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষাক্রমের কীভাবে সংগতি আনা যায়, সে বিষয়ে একেডিএন কিছু ধারণা দিয়েছে। সরকার বিষয়গুলো বিবেচনা করছে।’