শিক্ষাক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে সিলেট দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক-সংকট যেমন তীব্র, তেমনি রয়েছে অবকাঠামোগত বিভিন্ন সমস্যা। বিশেষ করে, হাওর ও চা-বাগান অধ্যুষিত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষাসংশ্লিষ্টদের নজরদারি বাড়ানো উচিত।গতকাল শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজ ও মাঠপর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তারা এক মতবিনিময় সভায় এ অভিমত দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘মাধ্যমিক শিক্ষার মান ও অংশগ্রহণ বৃদ্ধি প্রকল্প-সেকায়েপ’ এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম।সভায় বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শিক্ষক-সংকট, অবকাঠামোর সমস্যা ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবসহ নানামুখী সমস্যায় সিলেটের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এ অবস্থার উত্তরণে সরকারের উচিত সিলেট অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আলাদা গুরুত্ব দেওয়া।শিক্ষকদের এসব অভিমতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া কমানো ও পাসের হার বাড়ানোসহ গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নানামুখী উদ্যোগের কারণে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সরকার দেশের শিক্ষাব্যবস্থার কার্যকর ও গুণগতমান উন্নয়নে আরও নানামুখী পদক্ষেপ নিয়েছে।