শিক্ষাঙ্গনে অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গনে মৌলবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েই চলেছে। নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মঈন হোসেন ওরফে রাজুর চেতনায় উদ্বুদ্ধ হতে হবে শিক্ষার্থীদের।গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন হোসেন রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। ১৯৯২ সালের ১৩ মার্চ ছাত্রদল ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রঐক্য মিছিল বের করে। মিছিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাজু। প্রতিবছর ১৩ মার্চকে রাজু দিবস হিসেবে পালন করে আসছে ছাত্র ইউনিয়ন।ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্মারক বক্তৃতা উপস্থাপন করেন বাংলা বিভাগের শিক্ষক রফিকউল্লাহ খান। তিনি বলেন, ’৭৫-এর পটপরিবর্তনের পর নানাভাবে একাত্তরের পরাজিত শক্তিরা এ দেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে। তারা কলুষিত করেছে রাজনীতি। এ সুযোগে স্বৈরাচারী শাসন ও ইসলামি জঙ্গিবাদ শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারি কায়েম করেছে। আদর্শহীন রাজনীতির কারণে ছাত্রসংগঠনের মধ্যে সন্ত্রাসী মনোভাব ভয়ানক আকার ধারণ করেছে। প্রাণ হারাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। এ সুযোগ কাজে লাগিয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার পাঁয়তারা চলছে। রফিকউল্লাহ খান বলেন, এ অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এম এম আকাশ, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মানবেন্দ্র দেব ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আবু তোয়াব।দিবসটি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। সকালে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যে রাজুর স্মরণে নির্মিত বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সন্ত্রাসবিরোধী গান, কবিতা, বিতর্ক এবং মান্নান হীরার নির্দেশনায় পথনাটক কারখানা প্রদর্শন করা হয়।